চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৭৭টি হজ ফ্লাইটে মোট ৭৩ হাজার ১৮২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচজন নারীসহ মোট ১৮জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন মক্কায় এবং পাঁচজন মদিনায় ইন্তেকাল করেন।
এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬৩ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।
বুলেটিনে আরও বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯০টি ফ্লাইটে ৩৭ হাজার ৭০৫ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৫টি ফ্লাইটে ২৫ হাজার ৭৭৪ জন এবং ফ্লাইনাসের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
অবশিষ্ট ৫ হাজার ৩১৮জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে যাবেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯১৫টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এমএ//