দেশজুড়ে

স্ত্রী প্রবাসে থাকার সুযেোগ শাশুড়িকে ধর্ষণ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

স্ত্রী প্রবাসে থাকায় সংসারে একাকীত্বের সুযোগে ভয়াবহ এক ঘটনায় জড়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সাকিল ফকির বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর মেয়ে প্রায় ছয় মাস ধরে দুবাই প্রবাসে রয়েছেন। ওই নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে তোফাজ্জল সাহেবের ১০ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের একটি কক্ষে থাকতেন অভিযুক্ত সাকিল এবং অন্য কক্ষে থাকতেন বৃদ্ধা ও তার নাতি।

অভিযোগ অনুযায়ী, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে সাকিল ঘুম থেকে ডেকে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে যান। এরপর দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভয় ও সামাজিক লজ্জার কারণে বিষয়টি তিনি প্রথমে গোপন রাখেন।

পরবর্তীতে প্রবাসে থাকা মেয়েসহ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্ত্রী #প্রবাস #ধর্ষণ #নারায়ণগঞ্জ