জাতীয়

বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরইমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে  একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন

তিনি বলেন,  সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে। বাংলাদেশের মানুষের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার যেমন দেশের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি অর্থ লোপাটও করেছে। যার কারণে দেশের অর্থনীতি এখন কিছুটা চাপের মুখে রয়েছে।

এ সময় এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী