চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশাচালক আইয়ুব আলীকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং মো. আব্দুল জব্বার (৩১) নামে দুজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত ২০ এপ্রিল সকালে তিনি প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হলে বেলা ১১টার দিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ এবং চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, শুরুতে মামলাটি ছিল একেবারেই ক্লুলেস। পরে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চেতনানাশক প্রয়োগ করে অটোরিকশা ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে।
নিহত আইয়ুব আলীর ছোট ছেলে মো. শাহেদ বলেন, প্রথমদিকে তারা বুঝতেই পারেননি যে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চললেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় আনোয়ারা থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে এবং পরিবারের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করা হচ্ছে।