আন্তর্জাতিক

বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

একটি জলপাইয়ের বিচি। সাধারণত চাটনি খাওয়ার পর যা ফেলে দেওয়া হয়, সেটিই গত ৩০ বছর ধরে মুখে আগলে রেখেছেন ভারতের পশ্চিমবঙ্গের ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস। এর পেছনে রয়েছে বোনের সঙ্গে জড়িয়ে থাকা এক মজার স্মৃতি আর ভালোবাসার গল্প। বোনের এক প্রশ্নের জবাবে দেওয়া প্রতিশ্রুতি রাখতে আজও মুখ থেকে বিচিটি বের করেননি তিনি। যদিও সেই বোন আর বেঁচে নেই।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া মোড় এলাকায় থাকেন জয়দেব। একসময় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় চাকরি করতেন তিনি। নিজের কোনো বোন না থাকায় ভাইফোঁটার দিনগুলোতে মন খারাপ হতো তাঁর। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী অগ্নিবীণা দেবী নিজেই তাকে ভাইফোঁটা দেওয়ার দায়িত্ব নেন। এরপর থেকে প্রতিবছর ভাইফোঁটায় জয়দেবকে ফোঁটা দিতেন তিনি। নানা পদের খাবারের আয়োজন করতেন। আর শেষ পাতে থাকত জয়দেবের বিশেষ পছন্দের জলপাইয়ের চাটনি।

ঘটনাটি ১৯৯৬ সালের ভাইফোঁটার। সেদিন জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন জয়দেব। তাকে চাটনি খেতে দেখে মজা করে অগ্নিবীণা জানতে চান, জলপাইয়ের বিচি কত দিন মুখে রাখতে পারবেন তিনি। উত্তরে জয়দেব জানান, বোন যত দিন না বের করতে বলবেন, তত দিন বিচিটি মুখেই রাখবেন।

সেই কথার পর থেকেই মুখে জলপাইয়ের বিচি রেখে দেন জয়দেব। প্রথম দিকে এ কারণে জিভে ঘা হতো, এমনকি রক্তও পড়ত। তবু প্রতিশ্রুতি ভাঙেননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মুখে বিচি রাখাটাই তার অভ্যাসে পরিণত হয়েছে।

এখন বিচি মুখে রেখেই খাবার খান, পানি পান করেন, দাঁত মাজেন, এমনকি ঘুমানও। দীর্ঘদিন এভাবে থাকার কারণে কথা বলার সময় কিছুটা জড়তা তৈরি হয়েছে। অশোকনগর এলাকায় এখন বেশ পরিচিত জয়দেব। তাকে দেখলে অনেকেই কৌতূহল নিয়ে মুখের ভেতরে থাকা জলপাইয়ের বিচিটি দেখতে চান। তিনিও মুখ খুলে তাদের দেখান তিন দশক ধরে আগলে রাখা সেই স্মৃতি।

তবে এই ব্যতিক্রমী অভ্যাসের পেছনে রয়েছে গভীর শোকের গল্প। ২০১২ সালের ২৪ জানুয়ারি আত্মহত্যা করেন অগ্নিবীণা দেবী। বোনের মৃত্যুর পরও তার স্মৃতি ভুলতে পারেননি জয়দেব। বোনকে দেওয়া প্রতিশ্রুতির পাশাপাশি তার স্মৃতিচিহ্ন হিসেবেই বিচিটি আগলে রেখেছেন তিনি।

জয়দেব জানিয়েছেন, যত দিন পারবেন, এই স্মৃতিটুকু ধরে রাখবেন।

একটি জলপাইয়ের বিচি, অথচ তার সঙ্গে জড়িয়ে আছে ৩০ বছরের স্মৃতি। বোনের স্নেহ, হারানোর বেদনা আর দেওয়া কথা ধরে রাখার এক ব্যতিক্রমী গল্প হয়ে উঠেছেন জয়দেব বিশ্বাস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জলপাই #ভারত #পশ্চিমবঙ্গ