বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলছে নতুন করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় পুরোপুরি চালুর প্রস্তুতি নিচ্ছে ভারত।
শনিবার (০২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই দেশের মধ্যে ভিসা সেবা স্বাভাবিক করতে ইতোমধ্যে আলোচনা এগিয়েছে বেশ দূর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করে। এরপর থেকেই পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর বিষয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করে।
গেল মাসে ঢাকায় সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, বাংলাদেশ যখন ভারতীয়দের জন্য নিয়মিত ভিসা কার্যক্রম চালু রেখেছে, তখন ভারতের পক্ষ থেকেও একই ধরনের উদ্যোগ প্রত্যাশিত।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হলেও চলতি বছরের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, নিরাপত্তাজনিত কারণে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তবে জরুরি চিকিৎসা ও পারিবারিক ভিসা সেবা কখনও পুরোপুরি বন্ধ হয়নি।
এদিকে, শিগগিরই দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ভিসা কার্যক্রম পুনরায় চালুর পর গেল দুই মাসে ভারতীয় নাগরিকদের প্রায় ১২ হাজার ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে পর্যটন, ব্যবসা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ সংশ্লিষ্ট ভিসাও রয়েছে।
এমএ//