স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এর (এসআরবি) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। হাইওয়ে পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। সংস্থাটির বর্তমান মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি মো: আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তর, ঢাকা-তে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা ১ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশন, পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পালন এবং দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি স্বীয় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন।
তিনি ৪ জুন ২০২৬ তারিখে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।
আই/এ