রাজধানী

আগারগাঁওয়ে আবারও শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (০৪ নভেম্বর) তাদের অবরোধের কারণে সড়কে চলাচলকারী হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। সেখানে দাবির পক্ষে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে বেলা ১১টার পর থেকে সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হন। সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে সেটি ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ২৭ অক্টোবর আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে যান আন্দোলনকারীরা।

পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর আরও কঠোর কর্মসূচি নেন তারা। ওই দিন মাঠটি চাষ করে নিজেদের দখলে নেওয়ার দাবি করেন আন্দোলনকারীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় #সড়ক অবরোধ #আগারগাঁও