পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে সময়সীমা জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। আর নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১টার দিকে পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে। নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রাথমিকভাবে মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
ছয় সদস্যের এই বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডের দায়িত্ব হলো, তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে এবং তা গেজেট আকারে প্রকাশ করবে।
এসি//