নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক চিকিৎসকসহ আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (০২ মে) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের ইলাশপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭) এবং সাধুপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৪৮)। আহতদের মধ্যে রয়েছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি, কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫) ও ফুলপুর উপজেলার মনির হোসেন (২৩)। তারা বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিন মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ//