দেশজুড়ে

স্ত্রীকে আনতে গিয়ে স্বামী নিহত, রহস্য উদ্ঘাটন করলো পুলিশ

কালিয়াকৈর প্রতিনিধি

গ্রেপ্তার- মাসুদ ও রিপন (বাম দিক থেকে)

গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় স্ত্রীকে আনতে গিয়ে শফিকুল ইসলাম ওরফে বুলবুল (৫২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছিনতাইয়ের সময় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালার গ্রামের মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ (২৫) এবং একটি গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে রিপন (২৩)। এসময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল দিবাগত রাত প্রায় ১০টার দিকে শফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শফিকুল ইসলাম শফিপুরস্থ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন এবং তিনি তার স্ত্রী ফরিদাকে শফিপুর করোনি গার্মেন্টস থেকে আনতে ফ্লাইওভারের নিচে অপেক্ষা করছিলেন। এসময় অটোরিকশাযোগে আসা একদল ছিনতাইকারী তার কাছে এসে মোবাইল ফোন ও নগদ টাকা দাবি করে।

তিনি দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে জোরপূর্বক টানাহেঁচড়া করে এবং একপর্যায়ে বাম উরুতে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এরপর তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলাম প্রাণ বাঁচাতে দৌড়ে আনসার একাডেমির দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদূর গিয়ে ফুটপাতের পাশে খাদে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরদিন ১৬ এপ্রিল সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন ও তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর