গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মো. ওমর হায়দারের আদালতে ওই মাদরাসা শিক্ষকের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে চিফ আদালত তার জামিন নামঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে শুনানির সময় অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হয়নি। এ ঘটনায় তার রিমান্ড চেয়েও আবেদন করা হয়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আদালতের বিচারক আসামিকে হাজির করা প্রয়োজন মনে করলে তাকে আদালতে নেওয়া হবে। তবে শুধু শুনানির জন্য আসামিকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা নেই।
আই/এ