স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের বাইরে বিরোধী দল ভুল তথ্য উপস্থাপন করছে। বিরোধী দল যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলোই পরবর্তীতে প্রায় হুবহু আকারে সংসদে উত্থাপন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিরোধী দল সংসদ থেকে কয়েক দফা ওয়াকআউট করেছে, যা সংসদীয় বিধি অনুযায়ী তাদের অধিকার। তবে, যেসব ইস্যুকে কেন্দ্র করে তারা ওয়াকআউট করেছে, সেগুলো বাস্তবসম্মত ছিল না।
তিনি বলেন, “জারি করা অধ্যাদেশগুলোর সবকিছু যে নিখুঁত ছিল, তা নয়। আমি নিজেও গুমের শিকার। তাই গুম নিয়ে একটি শক্ত ও কার্যকর আইন প্রণয়ন করা হবে।”
তিনি আরও বলেন, পূর্ববর্তী খসড়ায় জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে দীর্ঘসময় দায়িত্বে থাকার বিধান ছিল। সরকার বিষয়টি সংশোধন করেছে এবং ভবিষ্যতে সবার মতামতের ভিত্তিতে নতুন বিল আনা হতে পারে।
সালাহ উদ্দিন আহমদ বলেন “গণভোট সম্পন্ন হয়েছে এবং এর বৈধতা রয়েছে। আপাতত নতুন আইনের প্রয়োজন নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার গণভোট আয়োজন করা হবে।”
আই/এ