আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২ হাজারের বেশি, শিশু ১৬৫

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেল ২ মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত ২,০২০ জন নিহত এবং ৬,৪৩৬ জন আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৬৫ জন শিশু, ২৪৮ জন নারী এবং ৮৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। শুধু শনিবারের হামলায় ৯৭ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

পরবর্তীতে ইরানকে সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা করে হিজবুল্লাহ। জবাবে ২ মার্চ থেকে লেবাননে ধ্বংসাত্মক আগ্রাসী হামলা শুরু করে ইসরাইল। 

বুধবার সকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়। তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবানন সেই চুক্তির আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #ইসরাইল #যুক্তরাষ্ট্র