যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। ইরানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তবে তার এই কূটনৈতিক সফরের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে একটি ছবি, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শেয়ার করেছেন।
ছবিটিতে দেখা যায়, বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব অঞ্চলের একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি। শুধু তাই নয়, তাদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিসপত্রও সেখানে রাখা হয়েছে।
ছবির ক্যাপশনে গালিবাফ লিখেছেন, “ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।”
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনায় মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এতে দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে। নিহত শিশুদের স্মরণে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই গালিবাফ এমন প্রতীকী উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কেউ এটিকে মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বার্তা হিসেবেও বিশ্লেষণ করছেন। সব মিলিয়ে পাকিস্তান সফরের এই ঘটনা এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এসি//