জাতীয়

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নারী দিপালী বেগম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক এবং তা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

এতে আরও বলা হয়, বৈরুতের হামরায় সংঘটিত হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

জানা গেছে, গেল বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে বিমান হামলার শিকার হন দিপালী বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।

প্রাথমিক তথ্যে আরও জানা যায়, একই হামলায় দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #রাজধানী #ইসরাইলি