নেত্রকোনায় হামের বিশেষ টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। জেলার আটপাড়া উপজেলায় তিনটি কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে ২০টি জেলার ৩০টি উপজেলাকে ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করে। এরমধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলা একটি।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বানিয়াজান কেন্দ্রে জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা এ টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ২০টি জেলার ৩০টি উপজেলা কে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। এটি আগামী ২১মে পবিত্র ঈদুল আজহার আগেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডা. গোলাম মাওলা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবকের সচেতন অংশগ্রহণ জরুরি। নির্ধারিত কেন্দ্র গুলোতে পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে। যাতে করে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। অভিভাবকরা তাদের সন্তানদের নির্ধারিত টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার পাল, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী প্রমুখ।
আই/এ