দেশজুড়ে

১৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীর অর্থদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।

 বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে কাজীপুর উপজেলার সোনামুখী বাজারের মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্স এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অভিযানে ঐ দোকানে অবৈধভাবে মজুত করা পাঁচটি ড্রামে প্রায় ১ হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক শাহা আলম (৩২) তেল সংগ্রহ এবং মজুতের সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। এক পর্যায়ে তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ক ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। অভিযুক্ত শাহা আলম ধার্যকৃত দন্ডের অর্থ তাৎক্ষণিক প্রদান করেন।

কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার বলেন, আমরা জানতে পারি ব্যবসায়ী শাহ আলম অবৈধভাবে তেল মজুত করে প্রতিদিন ভোর রাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করেন। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে প্রদান করা হয়েছে। বিক্রীত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ