সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কনস্যুলেটের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। পাশাপাশি স্বাধীনতা দিবসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এমএ//