কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমির পুণ্যস্নানকে ঘিরে মানুষের ঢল নেমেছে। সনাতন ধর্মাবলম্বীদের এ আয়োজনে জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পুণ্যার্থী অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ৫৫ মিনিট থেকে শুরু হয়ে নির্ধারিত লগ্ন অনুযায়ী দুপুর ২টা ৫৮ মিনিট পর্যন্ত স্নানপর্ব চলে। রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে মূল আয়োজন হলেও নদীর বিভিন্ন স্থানে পুণ্যার্থীদের স্নান করতে দেখা গেছে।
প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলা। রাত থেকেই বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা চিলমারীর নানা পয়েন্টে অবস্থান নেন।
স্নান উৎসব কমিটির সদস্য আব্দুল মালেক বলেন, নির্ধারিত সময় অনুযায়ী পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করছেন এবং পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। উপজেলা প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীসহ পুলিশ, চৌকিদার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পুণ্যার্থীদের সুবিধার্থে অস্থায়ীভাবে পোশাক পরিবর্তনের জন্য ৫০টি বুথ, বিশুদ্ধ পানির জন্য ৩০টি নলকূপ এবং স্যানিটেশন ব্যবস্থার জন্য ৩০টি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।
এমএ//