কুড়িগ্রামের রৌমারীতে অটোরিক্সাকে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন নিহতের ঘটনার পর পলাতক চালক লুৎফর রহমান (৫০) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। গ্রেপ্তার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯ টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। আজ (২৫ অক্টোবর) আসামীকে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী নামক এলাকায় মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা লিপি (২৬), তাঁর শিশু সন্তান রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭) এবং তার বড়বোন শরিফা (৪২) নিহত হন। এছাড়া রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত হন নিহত শরিফার মেয়ে বৃষ্টি (২৫)।
ঘটনার পর ট্রাক ও অটোরিক্সাচালক পালিয়ে যান। ওই দিন রাতেই নিহতের পরিবার বাদী হয়ে ট্রাক ও অটোরিক্সাচালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার ট্রাকচালক লুৎফর রহমানকে জিজ্ঞাসাবাদের পর কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ