ট্রাকের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ নারীর মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে সেটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার তিন নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। একই ঘটনায় আরও তিন যাত্রী আহত হন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
এসি//