লাইফস্টাইল

সুস্থ থাকতে প্রতি দিনের খাদ্য তালিকা

কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো রাখতে সুস্থ থাকা বেশী প্রয়োজন। তাই সুস্থ থাকতে দিনে ঠিক কতবার খাবার খাওয়া উচিত— এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থেকে যায়। 

কেউ মনে করেন দিনে তিন বেলা খাবার খেলেই যথেষ্ট, কেউ আবার অল্প অল্প করে পাঁচ থেকে ছয়বার খাওয়াকে বেশি স্বাস্থ্যকর মনে করেন। তবে বিশেষজ্ঞরা বলেন, দিনে কে কতবার খাবার খাবেন এ বিষয়ে সবার জন্য এক নিয়ম প্রযোজ্য নয়।        

পুষ্টিবিদদের মতে, খাবারের পরিমাপ নির্ভর করে ব্যক্তির বয়স, শরীরের অবস্থা, কাজের ধরন ও জীবনযাত্রার মানের ওপর। তাই ট্রেন্ড অনুসরণ না করে, শরীরের প্রয়োজন বুঝেই খাদ্যাভ্যাস ঠিক করা উচিত।    

বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সকাল, দুপুর ও রাত—এই তিন বেলার সুষম খাবারই যথেষ্ট । এতে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় এবং বারবার নাস্তা খাওয়ার প্রয়োজন পড়ে না। এই খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে ।

মূলত তারাই তিন বেলা খাবারে বেশি উপকৃত হন যারা দীর্ঘ সময় বসে কাজ করেন এবং যাদের শারীরিক পরিশ্রম তুলনামূলক কম। তাদের জন্য তিন বেলা খাবার উপযুক্ত হতে পারে।   

তবে কিছু ক্ষেত্রে অল্প অল্প করে বারবার খাওয়া বেশ উপকারী। যেমন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা গ্যাস্ট্রিক সমস্যায় এটি কিছুটা সহায়তা করতে পারে। পরিকল্পনা ছাড়া বারবার খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ হয়ে যেতে পারে। ফলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে।   

কিন্তু যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন বা ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে ছোট ছোট ভাগে খাবার খাওয়া কার্যকর হতে পারে। 

বিশেষজ্ঞরা বলছেন, শুধু কতবার খাচ্ছেন তা নয়, বরং কী খাচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। খাবারে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর উপাদান থাকা জরুরি। পাশাপাশি নিয়মিত সময় মেনে এবং সচেতনভাবে খাওয়ার অভ্যাস তৈরি করাও দরকার।

পুষ্টিবিদদের মতে, যাদের হজমের সমস্যা আছে, তাদের বারবার খাওয়াও সবসময় ভালো নয়। কারন বেশি নাস্তা অস্বস্তি বাড়িয়ে দেয়।  

তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো, দিনে তিন বেলা হোক বা পাঁচ-ছয় বেলা, কোনো নির্দিষ্ট নিয়ম সবার জন্য এক নয়। তাই নিজের শরীর, প্রয়োজন ও জীবনযাপনের সঙ্গে মানানসই খাদ্যাভ্যাসই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার আসল চাবিকাঠি।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন