সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯
সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন ওই পরিবারের বাবা-মা এবং তাদের পাঁচ সন্তান।
রোববার (২০ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে।
দুর্ঘটনায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গাড়িতে থাকা একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন।
অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে ভয়াবহ এ সংঘর্ষে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি গাড়ি হঠাৎ গতিপথ পরিবর্তন করায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে তারা কাজ করেন।
সূত্র: গালফ নিউজ
এসি//