দেশজুড়ে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন ও ধোঁয়ার আতঙ্কে দ্রুত ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন রোগী ও স্বজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নতুন আটতলা ভবনের লিফট কন্ট্রোল রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় নতুন আটতলা ভবনের লিফট কন্ট্রোল রুমে আগুন লাগে। কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছেকন্ট্রোল রুম থেকে বের হওয়া ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তিনি আরও বলেন,  খবর পেয়ে ময়মনসিংহ সদর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ স্টেশনসহ পাঁচটি স্টেশনের ১০টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন বড় আকার ধারণ না করায় পরে চারটি ইউনিট ছাড়া বাকি ইউনিটগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।

হাসপাতালের বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সৌদি সিকিউরিটিজের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই তাদের সদস্যরা ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে কাজ করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, আগুন লাগার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন