স্থানীয় সরকার নির্বাচনে শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সহিংসতা ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের শেষে এসব কথা বলেন তিনি।
সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনে এজেন্টদের উপস্থিতি ভালো নির্বাচন নিশ্চিত করার অন্যতম কারণ ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় শতভাগ কেন্দ্রে নিজেদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট রেখেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের এজেন্টদের স্বাক্ষরযুক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তন বা কারসাজির সুযোগ রাখা হয়নি।
স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এই নির্বাচন কমিশনার।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটবো না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা প্রতিহত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তা-ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যে-কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে-কোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো আশ্বস্ত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে তথ্য দিয়েও সহযোগিতা করতে পারবে।
এমজে/এ