শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। নিহতরা হলেন, ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী।
রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এদিকে কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি শতাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের অবস্থান করা প্যান্ডেলে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের জানান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ ওই সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
পরে নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা একটি রেস্তোরাঁ ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে নিহত হন ইব্রাহিম।
সকাল ৯টার আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, অবরোধের সময় সংঘর্ষের ঘটনায় গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শরীয়তপুর সদর থানার ওসি শাহ আলম বলেন, নিহত ইব্রাহিম সিপাহীর সুরতহাল প্রতিবেদনে শরীরে একটি ছিদ্রর কথা বলা হয়েছে। তবে সেটা গুলি কিনা, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শরীয়তপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।
মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছিলেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছেন।
আই/এ