পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার পর সেখানে আওয়ামী লীগবিরোধী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা আনারুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা মতিয়ার রহমান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এমএ//