ব্যাংক

মার্কেটভিত্তিক ব্যবসাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

মার্কেটভিত্তিক ব্যবসাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় ঋণপত্র-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বিএআরটিএর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও নানা ধরনের অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পণ্য রপ্তানির বিপরীতে পরবর্তী ঋণপত্র খোলার ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কলঙ্ক রয়েছে।

তিনি বলেন, সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন—এমনটি নয়। সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, তিনি কম কথা বলে বেশি কাজ করেছেন।

অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে ঋণপত্র খোলা ও গ্রহণের খরচ কমানোর বিষয়টি তুলে ধরা হয়।

সংগঠনটির প্রতিনিধিরা জানান, ঋণপত্র খোলা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এসব খরচ নিয়ে ব্যাংকের সঙ্গে দর-কষাকষির সুযোগ সীমিত।

এ অবস্থায় ব্যবসা সহজ করতে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত ব্যাংক চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছে বিজিএমইএ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির খসরু মাহমুদ চৌধুরী #অর্থমন্ত্রী