জাতীয়

অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।” জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই গোষ্ঠী একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করেছে। ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বৈরাচারী সন্ত্রাসীদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল, আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, একটি মহল সেগুলো আবারও কেড়ে নিতে চায়।

তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদের?”

এ সময় দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান #অগ্নিসন্ত্রাস