রাজনীতি

ক্যানসারের শেষ পর্যায়ে শামীম ওসমান!

বায়ান্ন প্রতিবেদন

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তার ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন বিদেশে অবস্থানরত শামীম ওসমান।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’

নিজের জীবন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে আনন্দিত হতে পারেন বলেও মনে করেন তিনি। তবে এ নিয়ে কাউকে খুশি না হওয়ার আহ্বান জানান শামীম ওসমান। এ সময় অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার ঘটনাও তুলে ধরেন তিনি।

নিজের অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন সাবেক এই সংসদ সদস্য।

তার দাবি, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত শারীরিক অবস্থার চেয়েও বেশি উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুল সিদ্ধান্তের পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিভাজনও এ পরিস্থিতির জন্য দায়ী। এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও আশাবাদ প্রকাশ করেন শামীম ওসমান।

তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর বেঁচে না থাকলে সেই ঘটনা দেখে যেতে না পারার আফসোস থেকে যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে গোপনে দেশ ছাড়েন তিনি। বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ-৪ আসন #এ কে এম শামীম ওসমান #ক্যানসার