জাতীয়

জনগণ সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেবে: প্রধানমন্ত্রী

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।’

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’ ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনও পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র; এরা সন্ত্রাসী।’

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনও তাবেদারের হাতে আমরা সঁপে দেবো না।’

তিনি আরও বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সংসদ নেতা #প্রধানমন্ত্রী