জাতীয়

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র করছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

দেশের বর্তমান সরকারকে বিব্রত করতে আবারও ষড়যন্ত্রের পথে হাঁটছে অতীতে ক্ষমতায় থাকা একটি মহল। এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সীমানার ওপারের প্রভুদের সন্তুষ্ট করতেই পলাতক স্বৈরাচার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। গুম, খুন ও ভোটাধিকার হরণের রাজনীতি আর ফিরতে দেবে না জনগণ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের জন্য সরকার কাজ করে যাচ্ছে, অথচ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত একটি মহল। যারা একসময় মানুষের বুকে বন্দুক ঠেকিয়ে টানা ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবার ষড়যন্ত্র করছে।

দেশে আর ডামি নির্বাচন দেখতে চায় না জনগণ উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যারা ১৬ বছর ক্ষমতায় ছিল, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি।

গুম ও হত্যার রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা দেশের মানুষের নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চাওয়া ব্যক্তিরা দেশপ্রেমিক হতে পারে না। জনগণ নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তন চায়।

২০২৪ সালে স্বৈরাচারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান আবারও গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সেসময় যেসব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের আবারও একসঙ্গে হতে হবে।

ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে মোকাবিলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য—‘এনাফ ইজ এনাফ’।

জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান তিনি। এসব খাল তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।

এ ছাড়া চলতি বছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে।

আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান #লালমনিরহাট