জাতীয়

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আওতায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরসংলগ্ন এলাকায় পুলিশের টহল বাড়াতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা করছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকও করেছে সংস্থাটি। পুলিশের বিদ্যমান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #অগ্নিসংযোগ #বেবিচক #বিমানবন্দর