ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী রুকমিলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ১৯ জন।
আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।
রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল আবেদন করবো।
রায় ঘোষণার সময় আদালতে চারজন আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
এর আগে গত বছরের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এসি//