দেশজুড়ে

মক্তবে ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে মসজিদের ইমামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়  আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযুক্ত আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতি করতেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  আরিফুল ইসলাম প্রতিদিন ভোরে ধর্মীয় শিক্ষার জন্য মসজিদের মাইকের মাধ্যমে শিশুদের ডাকতেন। ঘটনার দিন ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি হওয়ায় মাইকে ডাকেননি। এরমধ্যে ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের ন্যায় মক্তব পড়তে মসজিদে চলে যায়। এরপর শিশুটিকে একা পেয়ে তাকে বলাৎকারের চেষ্টা করেন তিনি। ওই সময় শিশুটি কৌশলে দরজা খুলে দৌড়ে বের হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় ওইদিন শিশুটির মা নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগরকান্দা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ২০২৪ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায় প্রদানের সময় দণ্ডিত আসামি আরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদান শেষে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বলাৎকার