নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে পুলিশের গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত বেশকিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের পাশে সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মসজিদের মাইক ব্যবহার করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হন।
পরে হামলাকারীরা গ্রেপ্তার নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশ সদস্যরাও এসময় আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়।
এদিকে একই সময় গোপালগঞ্জের নিলুফার বাজার এলাকায় রাস্তা অবরোধ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এখনও গোপালগঞ্জ জেলা পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।
আই/এ