রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সকাল ১০টা ৩৬ মিনিটে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।
এর আগে সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা করে মরদেহ খণ্ডিত করেন সোহেল। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি।
পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির চিৎকার শুনলেও সেটি তার সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।
গেল ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিন একদিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায়, ৭ জুন বিচারিক আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।
নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। শুনানি শেষে হাইকোর্ট সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেও তার স্ত্রীকে খালাস দিয়েছেন।
এমএ//