মসজিদে পড়তে যাওয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে মক্তবের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও মক্তবে শিক্ষকতা করতেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়। অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া।
এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ২০২১ সালের ৫ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে যাবজ্জীবন দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
আই/এ