বিনোদন

দীর্ঘ ৫ বছর পর নতুন সিজন নিয়ে আবারও ফিরছে ‘মীরাক্কেল’

বিনোদন ডেস্ক

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘মীরাক্কেল’। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠানটির ১১তম সিজন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। নতুন মৌসুমের খবর প্রকাশ্যে আসতেই পুরোনো দর্শকদের মধ্যে ফিরে এসেছে উচ্ছ্বাস। নতুন করে এই হাসির লড়াই দেখতে অপেক্ষায় রয়েছেন অনেকে।

আগের মতোই নতুন সিজনের উপস্থাপনায় থাকছেন মীর আফসার আলী। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। তবে এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে নতুন কিছু পরিকল্পনা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে ১১তম সিজনের প্রচারঝলক। আর সেটি প্রকাশের পর থেকেই অনুষ্ঠানটির প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে।

এবারের আসরে প্রতিযোগীদের অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনো বাধা থাকছে না। সব বয়সের আগ্রহী কমেডি প্রতিভাদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্রাথমিক বাছাইপর্বের মাধ্যমে প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হবে। এরপর নির্বাচিতদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি থেকেই টেলিভিশনের পর্দায় প্রচার শুরু হতে পারে ‘মীরাক্কেল’র নতুন সিজন। তবে প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, টানা পাঁচ বছর নতুন কোনো পর্ব প্রচারিত হয়নি এই জনপ্রিয় কমেডি অনুষ্ঠানের। দীর্ঘ বিরতিতে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল হতাশা। একসময় নিয়মিত হাসি আর বিনোদনের খোরাক জোগানো অনুষ্ঠানটি আবার কবে ফিরবে, সেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে ১১তম সিজনের ঘোষণা সেই অপেক্ষাকে নতুন করে আশায় পরিণত করেছে।

তবে নতুন মৌসুমে বিচারকের আসনে কারা থাকছেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ফলে প্রতিযোগীদের পাশাপাশি বিচারক প্যানেলেও নতুন চমক থাকছে কি না, তা নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকদের। সব মিলিয়ে পাঁচ বছরের বিরতি পেরিয়ে ‘মীরাক্কেল’র প্রত্যাবর্তন যে বিনোদনপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে, তা বলাই যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মীরাক্কেল