জাতীয়

মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত ফাইল ছবি

রাজনৈতিক চাপ বা প্রভাবশালী মহলের সুপারিশে মানহীন কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) সভাকক্ষে ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত নতুন কোনো বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়নি। এতে প্রভাবশালী বিভিন্ন মহলের পক্ষ থেকে তীব্র চাপ আসছে। কিন্তু মান ও নির্ধারিত শর্ত পূরণ না করে কাউকে মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ হবে আর রোগী না দেখে কেউ চিকিৎসক হয়ে যাবে-এমন পরিস্থিতি চলতে পারে না।”

দেশে চিকিৎসা শিক্ষার অসম বণ্টনের বিষয়টি তুলে ধরে ড. মুহিত বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজ ঢাকা বিভাগে অবস্থিত। বাকি সাতটি বিভাগে এ ক্ষেত্রে স্পষ্ট ভারসাম্যহীনতা রয়েছে। নিজ জেলা বা উপজেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানোর প্রবণতা বাদ দিয়ে পরিকল্পিতভাবে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের নিয়ম মেনে অ্যাক্রিডিটেশন অর্জন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক কর্মক্ষেত্রের সুযোগ সীমিত হয়ে পড়বে। চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি।

সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসাশিক্ষা শেষ করে দেশে ফেরা চিকিৎসকদের রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন বলেও জানান তিনি। সন্তানদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিদেশে পড়তে পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান যাচাই করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বাস্থ্য প্রতিমন্ত্রী #ড. এম এ মুহিত