পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা পান্নার লকেট পরাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কারিনার পরা লকেটটি ৩০ ক্যারেটের একটি পান্না দিয়ে তৈরি। এটি ভোপালের বেগমের ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে এক পোস্টে তার পোশাক ও অলংকারের ঐতিহাসিক পরিচয় তুলে ধরেন। সেখানে তিনি জানান, কারিনার পরনে ছিল ডিজাইনার পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। এর সঙ্গে ছিল ভোপালের নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো একটি কলগি এবং ৩০ ক্যারেটের পান্নার লকেট। লকেটটিতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।

রিয়া আরও জানান, সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। পারিবারিক উত্তরাধিকার হিসেবেই ঐতিহাসিক এসব অলংকার তাদের কাছে এসেছে।

এদিকে কারিনাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির সাজে কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’

তবে উৎসবের সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা গয়না ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কারিনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এমজে/এ/এমএ//