দেশজুড়ে

বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছে। আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। 

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহররের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ ও স্থানিয়রা জানান,  দুপুরে স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিল জাকিয়া। তার বাসার সামনে আগে থেকেই ওত পেতে ছিল বখাটে ইমন। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। স্থানীয় সানআপ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী।

স্কুলছাত্রীর পরিবারের দাবি, ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই কোচিংয়ে পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর থেকে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল সে। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এসময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, জাকিয়া সুলতানা মমো তাদের ব্যাচের সেরা দশের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে দারুন মেধাবী। মমোর ব্যবহার আচরণের মধ্যে কখননোই কোনো অভদ্রতা ছিল না। বিষয়টি স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এমন অনাকাঙিক্ষত পরিস্থিতি আমাদের সবাইকে চরম শঙ্কার মুখে ফেলে দিয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম নিয়ে জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করেছেন। রোগীর প্রচুর রক্তক্ষণ হয়েছে। চিকিৎসাধীন ওই রোগী এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে, মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আপাতত রোগী ঝুঁকিমুক্ত।

ওসি জাকির হোসেন বলেন, এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহজনক হামলাকারীকেও শনাক্ত করাও হয়েছে। হামলাকারী কিশোর ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই হামলাকারী কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কুষ্টিয়া #স্কুলছাত্রী