ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় একদল ব্যক্তির হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। চোরাকারবারি বলে সন্দেহ করা ব্যক্তিদের হামলায় বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর পাশাপাশি আহত সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় একটি সরকারি গাড়িও ভাঙচুর করেন হামলাকারীরা।
সোমবার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভির’ এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল সকালে ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, বিএসএফ সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ‘আশাবাড়িতে দুর্বৃত্তদের একটি দল দ্বারা আমাদের সাহসী বিএসএফ কর্মীদের ওপর নির্মম আক্রমণের আমি তীব্র নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা বাহিনীর ওপর এই ধরনের সহিংস কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর দ্ব্যর্থহীন নিন্দা পাওয়ার যোগ্য। আমাদের নিরাপত্তা কর্মীদের ওপর যেকোনো আক্রমণ একটি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয় এবং আইনের সঙ্গে সংগতি রেখে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার যোগ্য।’
এ ঘটনায় আহত বিএসএফ সদস্যদের অবস্থা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।