আবহাওয়া

১২০ কিমি গতিতে উপকূলে ‘মুরাসু’র আঘাত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (০৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাত ১টা ৩০ মিনিটে প্রকাশিত আবহাওয়া বুলেটিন অনুযায়ী, তখন ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল ঝড়টির অবস্থান।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। বুধবার সকাল পর্যন্ত উপকূল ও আশপাশের এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের তুলনায় ১ থেকে দেড় মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। এতে উপকূলীয় এলাকার নিচু অঞ্চল প্লাবিত হতে পারে।

আইএমডি জানিয়েছে, বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মুরাসু #ঘূর্ণিঝড়