পর্দায় অসংখ্য প্রেমের গল্প বলা আমির খান এবার নিজের জীবনের প্রেমকেই দিতে চলেছেন নতুন পরিচয়। দুইবারের বৈবাহিক জীবনের ইতি টেনে আবারও ভালোবাসার ওপর আস্থা রেখে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। তবে বিয়ের আয়োজনটি অত্যন্ত সীমিত পরিসরে রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানটি বড় কোনো আড়ম্বর ছাড়াই একদম ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে। যেখানে দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি থাকবে।
তবে বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। ১৯৮৬ সালে প্রেম করে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। তবে প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।
এরপর চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান আমির। ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের সংসারে আসে ছেলে আজাদ রাও খান। ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ। তবে বিচ্ছেদের পরও সন্তানের দায়িত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।
আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ সমৃদ্ধ। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
গত বছর মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিন বন্ধু থাকার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
পিডি/ এসি//