বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ইতোমধ্যে অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
এবার বলিউডে অভিনেত্রীদের বয়সকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, বয়সের কারণে নারীরা যে ধরনের বাধার মুখে পড়েন, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে তা খুব একটা দেখা যায় না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন তাপসী। তিনি জানান, অভিনয় জগতে পা রাখার সময় তার বয়স ছিল বিশের কোঠায়। তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেতে সময় লেগে আরু তিন থেকে চার বছর।
শুরুর দিকে তাকে তাকে এতটাই সংগ্রাম করতে হয়েছে যে, ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি একটু শক্ত করতে ৩০ পার হয়ে গেছে।
অভিনেত্রীর ভাষ্যমতে, ক্যারিয়ারে অবস্থান তৈরি করার পরও তাকে এমন মন্তব্য শুনতে হয়েছে যে কোনো কোনো চরিত্রের জন্য আরও কম বয়সী অভিনেত্রী প্রয়োজন। অথচ একই ধরনের মাপকাঠি পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে খুব কমই প্রয়োগ করা হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমাররা এখনো ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন। শুধুমাত্র তাদের নাম দেখেই দর্শক প্রেক্ষাগৃহে যায়, ছবিও হয় সুপারহিট। অথচ নায়িকাদের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে সুযোগ পাওয়া কষ্টকর। এবার এই বৈষম্য নিয়েই নিজের ক্ষোভ ঝারলেন তাপসী।
তাপসী বলেন, দীর্ঘ সময় ধরে এই বৈষম্য ও অবহেলার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। তবে সময়ের সঙ্গে তিনি বিষয়গুলোকে ভিন্নভাবে দেখতে শিখেছেন এবং এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী।
বলিউডে বয়সভিত্তিক এই বৈষম্য নিয়ে বিভিন্ন সময় অনেক অভিনেত্রীই কথা বলেছেন। তাপসীর সাম্প্রতিক মন্তব্য আবারও সেই পুরোনো বিতর্ককে সামনে নিয়ে এসেছে, যেখানে নারী ও পুরুষ শিল্পীদের জন্য ভিন্ন মাপকাঠি প্রয়োগের অভিযোগ নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে অতীতের সেই ক্ষত কাটিয়ে এখন অনেকটাই পরিপক্ব তিনি।
পি/ডি