দেশজুড়ে

বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণ বিজ্ঞপ্তি

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। ভাড়াটিয়ার পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধী চক্রের সদস্য বাসায় অবস্থান করলে দ্রুত  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার বহন করতে হবে।

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিলে কিংবা কোনো অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, এ ধরনের গণবিজ্ঞপ্তি জারি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই এ ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এটি চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেওয়া হয়নি। বাড়ির মালিকেরা যেন সতর্ক থাকেন এবং তাঁদের বাড়িতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শৈলদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো অপরাধী বা বহিরাগত ব্যক্তি এলাকায় প্রবেশ করেছে কিংবা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে—এমন সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে এ ধরনের কেউ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারও কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 আই/এ