দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির দাবি, রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
সোমবার (০২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষে আবেদনটিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।
আবেদনে সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমিতির দাবি, দেশের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতার সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বিক্রিও কমেছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করতে গিয়ে অনেক ব্যবসায়ী সমস্যায় পড়ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে কেউ কেউ ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় ব্যবসায়ীদের বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়েছে সংগঠনটি। এ জন্য প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে আরও বলা হয়, শীতের মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক ক্রেতা কেনাকাটা করতে মার্কেটে আসেন। কিন্তু রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় হারাচ্ছেন।
সমিতির নেতাদের মতে, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ক্রেতারা কেনাকাটার জন্য বাড়তি সময় পাবেন। এতে ব্যবসায়ীদের বিক্রি বাড়ানোর সুযোগ তৈরি হবে এবং তারা হারানো বিক্রির সময় ফিরে পাবেন।
এসি//