দেশজুড়ে

পুলিশের গাড়ির পাশেই নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল, ৪ পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের গাড়ির পাশেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন।

ক্লোজড হওয়া সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল মোরশেদুল ইসলাম ও নাসিমুজ্জামান।

পুলিশ সুপার জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের ভ্যান দেখা গেছে। ওই সময় দায়িত্বে থাকা সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকা-হাটিকুমরুল এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়। এমনকি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি প্রকাশ করা হয়।

এদিকে, মিছিলের ঘটনার পর বুধবার রাতেই সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুবলীগ #সিরাজগঞ্জ